অল ক্রাইমস.টিভি ডেস্ক
রাজধানীর শাহবাগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১১ মে ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফ (২৪) এবং মাইক্রোবাসচালক রুবেল মিয়া। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মনমথ হালদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২ মে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
মামলার এজাহার অনুযায়ী, গত ২ মে শনিবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী একত্রিত হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও উসকানিমূলক স্লোগান দিচ্ছিলেন। তাঁরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যান। এই ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তির প্রেক্ষিতে আদালত এই রিমান্ড বহাল রাখেন।



