অল ক্রাইমস. টিভি ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ পরিবারটির গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
আহতরা হলেন আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।
প্রতিবেশীরা জানান, আব্দুল কাদের স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে একতলা ভবনের একটি ভাড়া বাসায় থাকতেন। সকালে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন দরজা-জানালা ভেঙে গেছে এবং পরিবারের সদস্যরা দগ্ধ অবস্থায় বের হচ্ছেন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস বা ফ্রিজের কম্প্রেসার থেকে বিস্ফোরণ ঘটতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন জানান, আহতদের মধ্যে আব্দুল কাদেরের শরীরের প্রায় ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, মেহেদী ও রাকিবের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনের অবস্থাই গুরুতর এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।



