অল ক্রাইমস.টিভি ডেস্ক
বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (১১ মে ২০২৬) দুপুরে লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত ‘চাকরি মেলা-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, দেশে বেকারত্ব বর্তমানে একটি ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। বেসরকারি শিল্পখাতের বিকাশের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরেও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মতো প্রকল্পের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির কাজ চলছে।
একই অনুষ্ঠানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের দুই কোটি মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা করছে। বিশেষ করে চীন এই প্রকল্পে কারিগরি সহায়তার আগ্রহ দেখিয়েছে এবং প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। এদিকে, প্রাণ-আরএফএল গ্রুপের এই চাকরি মেলায় জেলার এক হাজার তরুণ-তরুণীকে তাৎক্ষণিক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ইতিমধ্যেই ২ হাজার ৭০০ প্রার্থী আবেদন করেছেন। অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের নিয়োগ বিভাগের প্রধান নূরুল আলম খান ও নাফিস ইনদালির অর্নবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



