অল ক্রাইমস.টিভি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণ এবং উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ না করা নিয়ে দেশজুড়ে চলা ব্যাপক আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে গঠিত এই উচ্চপর্যায়ের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়টি ছিল নজিরবিহীন। এর সূত্রপাত হয়েছিল আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন এবং বিসিবিও সেই অবস্থানের প্রতি সমর্থন জানায়। পরবর্তীতে বাংলাদেশ আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবি জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাতে সায় দেয়নি। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি লাল-সবুজের প্রতিনিধিদের। বর্তমানে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনকে এই সংবেদনশীল কমিটির সদস্য করায় ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বিশেষ করে তিনি যখন পাকিস্তানের সঙ্গে চলমান সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।



