অল ক্রাইমস.টিভি ডেস্ক
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ করতে দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ সোমবার (১১ মে ২০২৬) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণ সংক্রান্ত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এবং এর সম্ভাব্যতা সমীক্ষা (Feasibility Study) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রকল্পটির অর্থায়নের উৎস নিয়ে আলোচনা চলছে এবং অন্যান্য প্রাক-প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, এই সেতুটি নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।
ঈদুল আজহার প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী জানান, এবার প্রায় দেড় কোটির বেশি মানুষের ঈদযাত্রা এবং এক কোটি কোরবানির পশু পরিবহন সামলানো সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নৌপথে দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিশেষ করে আরিচা ঘাটে সাম্প্রতিক দুর্ঘটনার প্রেক্ষিতে ফেরিতে গাড়ি ওঠার আগে ব্যারিকেড ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া সদরঘাটে শৃঙ্খলা ফেরাতে স্পিডবোট ও লঞ্চের যাত্রীদের জন্য পৃথক পন্টুন ও নতুন সংযোগ ব্রিজ ব্যবহারের নিয়ম করা হয়েছে। সরকারের সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করলে এবারের ঈদযাত্রা ভোগান্তিহীন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



