অল ক্রাইমস.টিভি ডেস্ক
ঢালিউড সুপারস্টার এবং নিরাপদ সড়ক আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবরটি বিনোদন জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় সহকর্মীর এমন অবস্থায় আবেগ ধরে রাখতে পারেননি নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চম্পা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। এসময় তিনি বলেন, “কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদটি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটি সত্যিই অনেক বেশি দুঃখজনক এবং মেনে নেওয়া কঠিন।”
স্মৃতিচারণ করতে গিয়ে চম্পা আরও জানান যে, ইলিয়াস কাঞ্চন বরাবরই একজন লড়াকু মানুষ। শুটিংয়ের সময় পাহাড় থেকে পড়ে যাওয়ার মতো বড় দুর্ঘটনা থেকেও তিনি সুস্থ হয়ে ফিরে এসেছিলেন। চম্পার মতে, ইলিয়াস কাঞ্চন শুধু একজন বড় অভিনেতাই নন, বরং একজন ধর্মপ্রাণ মানুষ এবং পথপ্রদর্শক। তিনি সব সময় চম্পাকে নিয়মিত নামাজ পড়ার তাগিদ দিতেন। এমন একজন প্রাণশক্তিতে ভরপুর মানুষ শয্যাশায়ী হয়ে আছেন, তা ভেবেই ব্যথিত হচ্ছেন চম্পা। তিনি ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



