অল ক্রাইমস.টিভি ডেস্ক
দিনাজপুরের চিরিরবন্দরে জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার বড় স্ত্রীর ছেলে কাবিল (৩২)। ঘটনার পর থেকে ছোট স্ত্রীর দুই ছেলে ঘাতক শাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছেন।
ঘটনার বিবরণ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর তা দুই পরিবারকে সমানভাবে ভাগ করে দেন শহিদুল। তবে কয়েকদিন ধরে ক্ষেতের ভুট্টার সমান ভাগ দাবি করে আসছিলেন ছোট স্ত্রীর দুই ছেলে শাকিব ও সাদিকুল।
মঙ্গলবার ভোরে ভুট্টা ক্ষেতে এ নিয়ে বাবা ও সৎ ভাইয়ের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিব ও সাদিকুল লোহার রড দিয়ে বাবা ও ভাইকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। গুরুতর আহত কাবিলকে সৈয়দপুরের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য:
চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রডটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।



