অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান–এর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিয়েছে সাংস্কৃতিক অঙ্গন। মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, মগবাজারে আতাউর রহমানের বাসভবনসংলগ্ন খোলা মাঠে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা ও শ্রদ্ধা নিবেদনের পর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। নাট্যকার, অভিনেতা ও নির্দেশক হিসেবে দীর্ঘ কয়েক দশক ধরে তিনি দেশের শিল্প-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন।



