পরীক্ষামূলক সংস্করণ

‘শুভেন্দুর বিজয় পশ্চিমবঙ্গের গণতন্ত্রের মাইলফলক’: জি এম কাদের

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর এই ঐতিহাসিক বিজয়কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন জি এম কাদের। গতকাল সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, শুভেন্দু অধিকারীর সুযোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও মানবিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। আজ মঙ্গলবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্যের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জাপা চেয়ারম্যান তাঁর বার্তায় উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর এই সাফল্য কেবল তাঁর দলের নয়, বরং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুভেচ্ছা বার্তায় জি এম কাদের শুভেন্দু অধিকারীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দৃঢ়তা ও জনসেবামূলক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন শুভেন্দু অধিকারীর পারিবারিক ঐতিহ্যের কথা; তাঁর বাবা শিশির কুমার অধিকারী ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান সংসদ সদস্য, যিনি পূর্ব মেদিনীপুরের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। কাঁথি পৌরসভা থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত এই পারিবারিক সেবার আদর্শই শুভেন্দু অধিকারীকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভা ও লোকসভার সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা তৃণমূল মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কেরই প্রতিফলন বলে জাপা চেয়ারম্যান মনে করেন।

দুই বাংলার গভীর সম্পর্কের কথা তুলে ধরে জি এম কাদের বলেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ স্থলসীমান্ত এবং শতাব্দীব্যাপী ভাষাগত ও সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে। তিনি বিশ্বাস করেন, শুভেন্দু অধিকারীর জনমুখী নেতৃত্ব দুই বাংলার মানুষের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। জাতীয় পার্টি সব সময় সীমান্তের উভয় পাশের সাধারণ মানুষের কল্যাণে বিশ্বাসী উল্লেখ করে তিনি আশা করেন, আগামী দিনগুলোতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও প্রসারিত হবে। বার্তার শেষে তিনি নতুন মুখ্যমন্ত্রীর সর্বাঙ্গীণ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...