পরীক্ষামূলক সংস্করণ

‘নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার পুরোপুরি ব্যর্থ’: নাসীরুদ্দীন পাটওয়ারী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেনের (৫০) কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার ঢাকা থেকে শুরু করে প্রতিটি বিভাগে এবং বিশেষ করে সীমান্তে নাগরিকদের সুরক্ষা দিতে পারছে না। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা নিজেদের সত্যিকারের জাতীয়তাবাদী দাবি করে থাকে, তবে সীমান্ত রক্ষা করাই তাদের প্রধান কর্তব্য হওয়া উচিত। সীমান্ত সুরক্ষায় ব্যর্থ হলে সরকার ‘ভুয়া জাতীয়তাবাদী’ হিসেবে প্রমাণিত হবে এবং তাদের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়।

সীমান্ত হত্যার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দেওয়া প্রেস বিজ্ঞপ্তির কড়া সমালোচনা করে তিনি বলেন, নিহতদের চোরাকারবারি বা মাদক কারবারি হিসেবে আখ্যায়িত করা বিজিবির পক্ষ থেকে একটি ‘ভারতীয় বয়ান’। তিনি বিজিবিকে এই অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান এবং অভিযোগ করেন যে, পিলখানা হত্যাকাণ্ডের পর এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, ভারত সীমান্তে প্রচুর মাদকের কারখানা স্থাপন করেছে এবং দেশের অনেক সংসদ সদস্য এই অবৈধ ব্যবসার সাথে জড়িত। এই অরাজক পরিস্থিতির জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি তারা সরকার গঠন করেন, তবে সীমান্ত এলাকাজুড়ে বিশাল খাল খনন করবেন। এর মাধ্যমে ওপার থেকে মাদক চোরাচালান বন্ধ করা এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন। এ সময় তাঁর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ এবং দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে ওই দুই বাংলাদেশি নিহত হয়েছিলেন।

প্রধান খবর

আসছে...