অল ক্রাইমস.টিভি ডেস্ক
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীকে তীব্র ভাষায় সমালোচনা করে তাদের ‘চুড়ি পরিয়ে রাখা দরকার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বর্তমান সরকার রাজধানী ঢাকা থেকে শুরু করে সীমান্ত এলাকা পর্যন্ত নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা নিজেদের প্রকৃত জাতীয়তাবাদী দাবি করে, তবে সীমান্ত রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত। সীমান্ত রক্ষা করতে না পারা মানেই তারা ‘ভুয়া জাতীয়তাবাদী’, আর এমন নেতৃত্বের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়।
এর আগে গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০) নিহত হন। এই ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে নিহতদের ‘চোরাকারবারি’ হিসেবে উল্লেখ করে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির কড়া সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বিজিবির এই বক্তব্যকে ‘ভারতীয় বয়ান’ হিসেবে অভিহিত করেন এবং বিজিবিকে এই অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান। তিনি মনে করেন, নিজেদের দেশের মানুষকে এমন তকমা দেওয়া কোনো স্বাধীন দেশের বাহিনীর কাজ হতে পারে না।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে এনসিপি-র এই শীর্ষ নেতা বলেন, জাতীয় নাগরিক পার্টি সরকার গঠন করলে সীমান্তজুড়ে খাল খনন করা হবে। এর মাধ্যমে ওপার থেকে মাদক পাচার বন্ধ করা এবং দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলে তিনি দাবি করেন। এ সময় তাঁর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ ও দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



