পরীক্ষামূলক সংস্করণ

নারায়ণগঞ্জে পোশাক কারখানার ভেতর কর্মকর্তার ঝুলন্ত মরদেহ, নেপথ্যে কী?

অল ক্রাইমস.টিভি ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার সুতার গোডাউন থেকে ইদ্রিস আলী নামে এক উর্ধ্বতন কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, যাকে কেন্দ্র করে হত্যার অভিযোগ তুলে কারখানায় ব্যাপক বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় অবস্থিত ‘ফারিহা নিট টেক্সটাইল’ কারখানায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী (৪৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভার লালের বাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি ওই কারখানার সুতার গোডাউনে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে কর্মরত ছিলেন। কারখানার ভেতরে তার ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত শ্রমিকরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ফতুল্লা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সঠিক তদন্তের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।

পুলিশ সূত্র জানায়, দুপুরের দিকে কারখানার সুতার গোডাউনের ভেতর ইদ্রিস আলীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্যান্য কর্মীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়। যদিও প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে নিহতের পরিবার ও সহকর্মীরা বিষয়টিকে কিছুতেই মেনে নিতে পারছেন না। তাদের দাবি, কর্মক্ষেত্রে কোনো বিরোধের জেরে তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে এবং শ্রমিকরাও বিক্ষুব্ধ ছিলেন। এটি আসলে আত্মহত্যা না কি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে কারখানার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...