অল ক্রাইমস.টিভি ডেস্ক
আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) আয়োজিত ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী বলেন, সরকার ও দলীয় পর্যায়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এখন থেকে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে রাজনৈতিক প্রভাব খাটানো যাবে না। আর্থিক খাতের স্বাধীনতা এবং সুশাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
তরুণ উদ্যোক্তাদের সামনে থাকা দীর্ঘদিনের প্রতিকূলতাগুলো তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, স্টার্ট-আপ বা নতুন ব্যবসার ক্ষেত্রে তহবিলের অভাব এবং জামানতসংক্রান্ত জটিলতা—এই দুটি বড় বাধা। সরকার এই সমস্যাগুলো স্থায়ীভাবে দূর করতে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’ কেবল একটি সাধারণ প্রকল্প নয়, এটি বাংলাদেশের স্টার্ট-আপ ইকোসিস্টেম বা নতুন উদ্যোক্তা তৈরির পরিবেশকে আরও শক্তিশালী করবে। প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল অর্থনীতি গড়তে এই তহবিলের আকার ভবিষ্যতে আরও বাড়ানো হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান আগামী প্রজন্মের অর্থনীতির জন্য স্টার্ট-আপ কোম্পানিগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতে এমন সব প্রকল্প বাছাই করা জরুরি, যা সরাসরি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। স্টার্ট-আপ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর জোর দেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থমন্ত্রীর রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত আর্থিক খাতের এই প্রতিশ্রুতি ব্যাংক ও বিনিয়োগ খাতে নতুন আশার সঞ্চার করবে।



