অল ক্রাইমস. টিভি ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত তার পথচলা যে সহজ ছিল না, সে বিষয়টি নিজেই খোলামেলাভাবে তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সংগ্রাম, আত্মবিশ্বাস এবং তারকাজীবনের চাপ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

নুসরাত ফারিয়া বলেন, জীবনে কোনো কিছু অর্জন করতে হলে সংগ্রাম ছাড়া উপায় নেই। তিনি জানান, স্কুলজীবনে অনেক পরিশ্রম করেও কখনোই প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করতে পারেননি। বারবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার সেই হতাশার কথাও তিনি তুলে ধরেন।

তিনি আরও বলেন, তখন তিনি তার মায়ের কাছে গিয়ে আফসোস করতেন। এত পড়াশোনা ও পরিশ্রম করার পরও কেন ভালো ফল পাচ্ছেন না—এমন প্রশ্ন করতেন। তখন তার মা তাকে বুঝিয়ে বলতেন, হয়তো তিনি সঠিক পথে অনুশীলনে আছেন, আর কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।

অভিনেত্রী জানান, তিনি এখন পর্যন্ত অনেক সিনেমা করেছেন, গান করেছেন এবং দেশ-বিদেশে শত শত মঞ্চে পারফর্ম করেছেন। তবে আজও প্রতিবার মঞ্চে উঠলে বা ক্যামেরার সামনে দাঁড়ালে তিনি একইভাবে নার্ভাস অনুভব করেন। তার মতে, প্রতিটি কাজই তার কাছে প্রথম ও শেষ সুযোগের মতো মনে হয়।

তার ভাষায়, শোবিজ অঙ্গন বাইরে থেকে যতটা চাকচিক্যময় মনে হয়, বাস্তবে তা ততটা সহজ নয়। প্রতিদিনই নিজেদের প্রমাণ করতে হয়, সর্বোচ্চ ভালো পারফরম্যান্স দিতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, কখনো সামান্য পরিবর্তন বা ভুল হলেই অনলাইনে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। তাই এই পেশায় নিজের সেরাটা দেওয়ার বাইরে আর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।



