অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা দেওয়ার পাশাপাশি শিক্ষাব্যবস্থার জট দূর করতে ১০ বছরে এসএসসি ও ১২ বছরে এইচএসসি সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেডের সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত এক চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে সরকার দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং শিক্ষার উন্নয়নে কোনো ধরনের কার্পণ্য করা হবে না। দেশের উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শিক্ষাব্যবস্থায় বিদ্যমান সেশনজট ও সময়ক্ষেপণ রোধে মন্ত্রী একটি বড় পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, এখন থেকে শিক্ষার্থীরা যেন ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে পারে, সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এই প্রক্রিয়া বাস্তবায়নে সিলেবাস এবং পরীক্ষার সময়সূচী সমন্বয় করতে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করার কথাও তিনি জানান, যাতে কোনো সময় নষ্ট না করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া সম্ভব হয়।
অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন একটি ‘অন-গ্রিড ওপেক্স মডেল’ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, এই পরিবেশবান্ধব প্রকল্পের মাধ্যমে ক্যাম্পাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে। এটি একটি ‘নেট জিরো ক্যাম্পাস’ গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কলেজের বোর্ড অব গভর্নরসের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এছাড়া কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেনসহ ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেডের প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



