অল ক্রাইমস. টিভি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক দায়িত্ব পালন করছেন। এর মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। তিনি মনে করেন, অধিনায়ক হিসেবে নিজের পারফরম্যান্স যথেষ্ট সফল এবং তিনি নিজেকে দেশের অনেক সাবেক ও বর্তমান তারকার চেয়েও এগিয়ে রাখেন।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি পডকাস্টে লিটন দাসকে বিভিন্ন তুলনামূলক প্রশ্ন করা হয়। সেখানে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে দুজনের মধ্যে একজন বেছে নিতে হলে তিনি কাকে বেছে নেবেন—লিটন দাস নাকি সাকিব আল হাসান। জবাবে লিটন বলেন, এটি কঠিন সিদ্ধান্ত হলেও তিনি নিজেকেই বেছে নেবেন।
পরবর্তী প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়, লিটন দাস নাকি তামিম ইকবাল—কে এগিয়ে? লিটন আবারও নিজের দিকেই ইঙ্গিত করে বলেন, রেকর্ডের দিক বিবেচনায় তিনি নিজেকেই এগিয়ে রাখবেন।
এরপর প্রশ্ন আসে লিটন দাস নাকি নাজমুল হোসেন শান্ত। এখানেও একই ধরনের উত্তর দেন তিনি, জানান রেকর্ডের দিক থেকে তিনি নিজেকেই বেছে নেবেন।
সঞ্চালক তার এই আত্মবিশ্বাস দেখে মন্তব্য করেন, এই আত্মবিশ্বাসই দলের জন্য প্রয়োজন। এরপর প্রশ্ন করা হয় লিটন দাস নাকি মেহেদী হাসান মিরাজ। এবারও লিটন নিজের নামই বলেন।
বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে অনেকেই মাশরাফি বিন মর্তুজার নাম উল্লেখ করে থাকেন। তবে লিটন দাস রেকর্ডের দিক বিবেচনায় নিজেকে এগিয়ে রাখার কথা বলেন। তিনি জানান, মাশরাফির অধীনে তিনি দীর্ঘদিন খেলেছেন, তবে সব ফরম্যাটে খেলার সুযোগ হয়নি। তাই পরিসংখ্যান অনুযায়ী নিজের পারফরম্যান্সকেই তিনি গুরুত্ব দেন।
এছাড়া মুশফিকুর রহিম ও খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তুলনা করলেও লিটন দাস নিজের অবস্থানকেই এগিয়ে রাখেন। তবে তিনি এটাও স্বীকার করেন যে, এসব তুলনা নিয়ে বিতর্ক থাকতে পারে।



