অল ক্রাইমস. টিভি ডেস্ক
সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেউ যদি আকাশে চাঁদ দেখতে পান, তাহলে তা যেন দেশের চাঁদ দেখা কমিটিকে অবহিত করা হয়। রোববার (১৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
শুক্রবার (১৫ মে) সৌদি আরবের সর্বোচ্চ আদালত এ আহ্বান জানায়।
নিয়ম অনুযায়ী, রোববার সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে ওই দিন চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে ঈদ হবে ২৮ মে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, আগামী রোববার (১৭ মে) ইসলামি দেশগুলোতে যুলহিজ্জাহ বা জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল থেকে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে। পাশাপাশি মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব অনুযায়ী আগামী বুধবার (২৭ মে) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
এর আগে ১৩ মে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানায়, রোববার (১৭ মে) সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।
কাউন্সিল আরও জানায়, উন্নত প্রযুক্তি ও আধুনিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে জাতীয় পর্যবেক্ষণ কেন্দ্র ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর সমন্বয়ে চাঁদ দেখার কার্যক্রম সম্পন্ন করা হবে।
জিলহজ মাস ইসলামী ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে মুসলমানরা বার্ষিক হজ পালন করেন এবং পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন।
এই মাসের নবম দিনে পালিত হয় পবিত্র আরাফাত দিবস এবং দশম দিনে উদযাপিত হয় ঈদুল আজহার প্রথম দিন।



