অল ক্রাইমস.টিভি ডেস্ক
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্থানীয় জামায়াত নেতার বাড়ি থেকে সরকারের মজুদ করা ৯৬ বস্তা (প্রায় ৩ টন) চাল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার সংলগ্ন এলাকা থেকে এই চাল জব্দ করা হয়।
অভিযুক্ত আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির।
ঘটনার বিবরণ:
• স্থানীয়দের অভিযোগ: সামাদ ডাক্তারের বাড়িতে দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুদ করে চড়া দামে বিক্রি করা হচ্ছিল। শনিবার সকালে স্থানীয়রা তার ঘরে চালের বস্তাগুলো দেখতে পেয়ে প্রশাসন ও পুলিশকে খবর দেয়।
• অভিযুক্তের দাবি: জামায়াত নেতা আবদুস সামাদের দাবি, চালগুলো তার ছোট ভাই ‘ডেইলি শপ’-এর ডিলার কামালের। লক্ষ্মীপুরের রামগতি ও বিভিন্ন মাদ্রাসা থেকে এগুলো বৈধভাবে কেনা হয়েছে।
• দলীয় বক্তব্য: চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক জানান, চালগুলো বৈধভাবে কেনা। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়েছে। তদন্তেই সত্য বেরিয়ে আসবে।
প্রশাসনের বক্তব্য:
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, জব্দকৃত চাল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। অভিযুক্ত পক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



