চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগ এবং লাগেজ বেল্ট থেকে মোট ৩৪ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়েছে।
রোববার (৩১ মে) রাত ১০টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ‘জি৯-৫২০’ (G9-520) নম্বর ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ২ কার্টন এবং একই সময়ে অ্যারাইভাল হলের লাগেজ বেল্টের ওপর পরিত্যক্ত বা মালিকবিহীন অবস্থায় আরও ৬৯৬ কার্টনসহ মোট ১ হাজার ৬৯৮ কার্টন সিগারেটের চালান উদ্ধার করা হয়। জব্দকৃত এই সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯৬ হাজার টাকা। এই ঘটনায় জড়িত আটককৃত তিন যাত্রী হলেন— লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মো. মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীদের কাছ থেকে উদ্ধার হওয়া এই সিগারেটগুলো ডিপার্টমেন্ট অব মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়েছে, যা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে। এদিকে অপরাধের মাত্রা বিবেচনা করে আটককৃত তিন যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। কাস্টমস কর্মকর্তা আরও জানান, দেশে আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ করা এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধ করার স্বার্থে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্সসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এই যৌথ ও সর্বোচ্চ নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে চলমান থাকবে।



