পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমের ভিসা কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। রোববার থেকে ১৪৪৮ হিজরি সালের ওমরাহ ভিসা ইস্যুর আনুষ্ঠানিক কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া শুরু হয়েছে। এখন থেকে ওমরাহ যাত্রীরা সৌদি সরকারের নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি ও ওমরাহর পারমিট সংগ্রহ করতে পারবেন।
ওমরাহ সংক্রান্ত অনুমতি, আবাসন বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা একক ডিজিটাল ব্যবস্থার আওতায় প্রদান করা হচ্ছে। ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিনির্ভর সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সৌদি আরব।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় আগামী বছরের ৯ মার্চ। এছাড়া ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করা যাবে।
সৌদি আরবের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ইলেকট্রনিক অনুমতি ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, দ্রুত যাচাই প্রযুক্তি এবং পরিবহন ও আবাসন সুবিধার সম্প্রসারণ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ আশা করছে, নতুন মৌসুমে বিশ্বের আরও বেশি মুসল্লি সহজ, নিরাপদ ও উন্নত সেবার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।



