পরীক্ষামূলক সংস্করণ

নাটোরে মা ও ছেলেকে হত্যার দায়ে শাহআলমের মৃত্যুদণ্ড

নাটোরের সদর উপজেলার দস্তানাবাদে মা বিলকিস বেগম ও নিজের ছেলে আলিফ হোসেনকে হত্যার দায়ে শাহআলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে সোহাগ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া শাহআলমকে ৫০ হাজার টাকা এবং সোহাগকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি মিন্টুকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহআলম সদর উপজেলার দস্তানাবাদ এলাকার শাহাদৎ সর্দারের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সোহাগ হোসেন একই এলাকার আশরাফ হোসেনের ছেলে। খালাস পাওয়া মিন্টু ওই এলাকার ওয়াজ আলীর ছেলে।

নাটোর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, সম্পত্তি লিখে দেওয়াকে কেন্দ্র করে শাহআলমের সঙ্গে তার বাবা শাহাদৎ সর্দারের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ২০১৭ সালের ১৯ নভেম্বর বাড়িতে থাকা বিলকিস বেগম ও আলিফ হোসেনকে হত্যা করা হয়। ওই ঘটনায় শাহআলম তার বাবাকেও আহত করেন।

ঘটনার পর স্থানীয়রা শাহআলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ সর্দার স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে ছেলে শাহআলমসহ চারজনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

রায়ে শাহআলমকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য একটি ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অন্যদিকে, সোহাগ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...