ফরিদপুরের মধুখালীতে চার বছর বয়সী এক শিশুর ওপর যৌন নিপীড়নের মামলায় আশরাফুল উকিল (২৮) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। রোববার (২২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে ফরিদপুর জেলা কারাগারে নেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আশরাফুল মধুখালী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে তাঁর প্রতিবেশী সম্পর্ক ছিল।
এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে শিশুটির মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় আশরাফুল তাঁদের বাড়িতে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে মা ঘরে গিয়ে তাকে কাঁদতে দেখেন। এ সময় আশরাফুল ঘর থেকে পালিয়ে যান।
পরে শিশুটি তার মাকে জানায়, আশরাফুল তার ওপর যৌন নিপীড়ন করেছেন। বিষয়টি কাউকে না জানাতে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ৭ অক্টোবর শিশুটির মা বাদী হয়ে আশরাফুলকে একমাত্র আসামি করে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলাটি তদন্ত করেন মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন ভূঁইয়া। তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি আশরাফুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।
রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, চার বছর বয়সী শিশুর ওপর যৌন নিপীড়নের মামলায় আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে।



