রাজধানীর বনশ্রী এলাকায় তৌসিফ শাহরিয়ার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার সকালে বনশ্রীর ই-ব্লকের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, বাসার পঞ্চম তলায় নিজ কক্ষে তৌসিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাসায় থাকলেও কী কারণে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিক্ষার্থীর খালু এস আলম বলেন, তৌসিফের এমন মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের কাছে কোনো স্পষ্ট তথ্য নেই। বিষয়টি নিয়ে তারা হতবাক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে এবং ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



