নিম্ন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ পেতে বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফল অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন আবেদনকারীর মধ্যে প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যাদের মধ্যে জাইমা রহমানও রয়েছেন। শুক্রবার সকালে ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং জাইমা রহমান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করে এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’
বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা মূলত তিনটি ধাপে অনুষ্ঠিত হয়, যা হলো এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা। এই তিন ধাপে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরই একজন প্রার্থী নিম্ন আদালতে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন এবং দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় অংশ নিতে আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এই আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার সার্বিক নীতিমালা, সিদ্ধান্ত ও দিকনির্দেশনা নির্ধারণ করে থাকে।



