পরীক্ষামূলক সংস্করণ

সংসদে জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, বক্তব্য এক্সপাঞ্জ

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামী ও নারী সংসদ সদস্যদের ব্যক্তিগত স্বাধীনতা এবং পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী উভয় পক্ষের সদস্যদের তীব্র প্রতিবাদ ও হট্টগোলে সংসদ কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার তাৎক্ষণিকভাবে ওই আপত্তিকর বক্তব্য সংসদীয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) ঘোষণা করেন।

সংসদ সূত্রে জানা গেছে, মনিরুল হক চৌধুরী জামায়াতে ইসলামীর সমালোচনা করতে গিয়ে ২০০৪ সালের একটি পারিবারিক ঘটনার প্রসঙ্গ টানেন এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও পর্দা নিয়ে ব্যক্তিগত মন্তব্য করেন। এতে সংসদের উভয় পক্ষের সদস্যরা ক্ষুব্ধ হয়ে তীব্র প্রতিবাদ জানান। পরিস্থিতি সামাল দিতে স্পিকার অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন, “আমরা সবাই জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। আমরা যদি নিজেদের ডিসেন্সি (শালীনতা) এবং ডিগনিটি (আত্মমর্যাদা) ধরে রাখতে না পারি, তবে দেশের মানুষের কাছে আমাদের লজ্জিত হতে হবে। এই মহান সংসদ কোনো ব্যক্তিগত আক্রমণ বা কারও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলার চারণক্ষেত্র নয়।” তিনি সংসদ সদস্যদের ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেন।

সংসদে তীব্র প্রতিক্রিয়ার মুখে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দুঃখ প্রকাশ করেন এবং তার বক্তব্যে কারও সম্মানে আঘাত লেগে থাকলে তা এক্সপাঞ্জ করার অনুরোধ জানান। পরবর্তীতে বিতর্কের রেশ ধরে তিনি বাজেট আলোচনায় বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং সরকারের কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানান। তবে তার বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে তৈরি হওয়া আকস্মিক উত্তেজনা পুরো অধিবেশনের মূল আলোচনাকে বেশ কিছুক্ষণের জন্য আড়াল করে দেয়।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...