শিল্পখাতে চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বৈঠক শেষে শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছেন এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, টেক্সটাইল খাতের সংকট সমাধানে সরকারের আন্তরিকতা উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে। এতে শিল্পখাতের ব্যবসায়ীরা নতুন করে আশাবাদী হয়েছেন।
বিটিএমএ সভাপতি জানান, যেসব কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে অথবা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হয়েছে, সেসব প্রতিষ্ঠানের অবস্থা মূল্যায়নের জন্য উদ্যোক্তাদের কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন বিশ্লেষণ করে প্রয়োজনীয় সহযোগিতা ও করণীয় নির্ধারণ করবে সরকার।



