চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনসাধারণের বাধার মুখে শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, ভোরে চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনাটি টের পেয়ে সীমান্তে দায়িত্বরত টহল দল দ্রুত ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনুপ্রবেশ প্রতিরোধে অংশ নেন। তাদের সম্মিলিত প্রতিরোধের কারণে পুশইনের চেষ্টা সফল হয়নি।
পরে সকাল ৯টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিএসএফ ওই ২০ জনকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়। এ বিষয়ে আরও আলোচনা করতে দুপুরে দ্বিতীয় দফা বৈঠকও অনুষ্ঠিত হয়।
জানা গেছে, পুশইনের চেষ্টাকারীদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু ছিল। সীমান্তে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দেয়।
স্থানীয় সূত্র বলছে, সীমান্ত এলাকায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও বিজিবির কঠোর অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে যায়। বর্তমানে চৌকা সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইনের অভিযোগ নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির ভূমিকা আবারও আলোচনায় এসেছে।



