সুনামগঞ্জে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল।সুনামগঞ্জ জেলা বিএনপির পুরাতন বাসস্টেশনস্থ দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি সুনামগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় অংশ নিয়ে বক্তারা বলেন, “পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে। নাশকতা, নৈরাজ্যের অপচেষ্টা হলে দেশবাসীকে নিয়ে অপশক্তিকে প্রতিরোধ করা হবে।”
এই কর্মসূচিতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুর রশিদ আমিন, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়াসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



