খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (জেএসএস)-এর মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) দুপুরে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
এদিকে, এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইউপিডিএফ ও জেএসএসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



