নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনীর তিন শাখার বিশেষায়িত বাহিনীর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ প্রত্যক্ষ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।
সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থল ঘুরে দেখবেন। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত বিশেষ এই যৌথ মহড়ায় অংশ নেবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
মহড়ার চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো সমন্বিতভাবে অংশ নেবে। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ নামে এই আয়োজন সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামেও পরিচিত। এই দ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম সফর।



