নোয়াখালীর বেগমগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৪০টি ইয়াবাসহ মো. পারভেজ হোসেন বিপ্লব (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিট থেকে ৯টা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ ওই বাড়ির মো. আবু ছায়েদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে পারভেজের নিজ বসতঘর তল্লাশি করে ৪০টি ইয়াবা ও একটি মুঠোফোন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের জুনেও একই ব্যক্তিকে নরোত্তমপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারের তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।



