জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা এবং বিশেষায়িত পুলিশ ইউনিট বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
স্থানীয় সময় সোমবার (৬ জুলাই ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘের দুই জন আন্ডার–সেক্রেটারি–জেনারেলের সঙ্গে পৃথক দুটি ফলপ্রসূ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অবদান, পেশাগত সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির কথা তুলে ধরে এই আহ্বান জানান। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্যদের অধিকতর মোতায়েন, বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের সার্বিক সমর্থন কামনা করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার–সেক্রেটারি–জেনারেল জ্যঁ–পিয়েরে ল্যাক্রোয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের আওতায় বাংলাদেশের একটি ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) র্যাপিড ডিপ্লয়ম্যান্ট লেভেলে উন্নীতকরণ, আরও বেশি সংখ্যক বাংলাদেশি অফিসারদের মোতায়েন এবং শান্তিরক্ষা মিশনে একটি বাংলাদেশি এফপিইউ বিবেচনার অনুরোধ জানান। একই সঙ্গে, তিনি জাতিসংঘ সদর দপ্তর ও ফিল্ড মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের আরও নেতৃত্বস্থানীয় ও পেশাগত পদে নিয়োগ দেওয়ার জোরালো আহ্বান জানান।
বৈঠকে আন্ডার–সেক্রেটারি–জেনারেল জ্যঁ–পিয়েরে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ সদস্য পাঠাতে বাংলাদেশের প্রস্তুতিকে স্বাগত জানান। এর পাশাপাশি তিনি বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ও গঠনমূলক ভূমিকারও উচ্চ প্রশংসা করেন।
অপর একটি পৃথক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার–সেক্রেটারি–জেনারেল অতুল খারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এই বৈঠকে হাইতিতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট মোতায়েন, প্রয়োজনীয় সরঞ্জাম, পরিবহন, রি–ইম্বার্সমেন্ট, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নারী শান্তিরক্ষীদের জন্য সহায়ক অবকাঠামো ও লজিস্টিক সহায়তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।
আলোচনা শেষে অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের জন্য প্রয়োজনীয় অপারেশনাল সহায়তা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস প্রদান করেন। একই সাথে তিনি শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানেরও ভূয়সী প্রশংসা করেন।



