প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে তিনি প্রশিক্ষণ কার্যক্রম, রণকৌশল ও সেনাসদস্যদের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
জানা গেছে, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সরাসরি উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় পৌঁছে ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম, অপারেশনাল পরিকল্পনা এবং কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তিনি সেনা বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ছদ্মবেশে দায়িত্ব পালনরত সদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন ও দায়িত্ব পালনে উৎসাহ দেন।
একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানকে কাছে পেয়ে প্রশিক্ষণরত সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশ ও জনগণের সেবায় বাহিনীর পেশাদার দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



