নাশকতার মামলায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন রাসেল (৫২) এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বশির আহমেদ (৫২)।
পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় ভাঙ্গুড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া গোলাম হাসনায়েন রাসেল পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
অন্যদিকে বশির আহমেদ ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার ভাঙ্গুড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, ২০২৫ সালে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে পরে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ মে রাতে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন বিস্ফোরক আইনে মামলা করেন বিএনপি কর্মী ময়ছের আলী।
মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়। পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেক আসামি পলাতক ছিলেন।



