রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে পুলিশ প্লাজার পেছনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম শেখ জাহিদ (২২)। তিনি রামপুরার জামিল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের এলাকায় মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে জাহিদ গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. রবীন জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



