দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে শুধু জুলাই মাসেই মারা গেছেন ২৯ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দুইজন এবং চট্টগ্রাম বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৭৫ জন করে, খুলনায় ৮৪ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ২৮ জন, ময়মনসিংহে ১৩ জন এবং সিলেটে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে। ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু এবং প্রায় ১ লাখ ২ হাজার আক্রান্তের তথ্য পাওয়া যায়।



