মুনতাসীর মামুন
রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনে (পল্লবী থানা এলাকা) সরকারবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে বেআইনিভাবে জমায়েত ও মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) ভোরে পল্লবী মেট্রো রেল এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসিরের নেতৃত্বে আজ ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে এই অভিযান পরিচালিত হয়। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিরপুর-১২ এর মেট্রো রেল পিলার নম্বর ১৪০-এর পূর্ব পাশে পাকা রাস্তায় জড়ো হয়ে সরকারবিরোধী মিছিল ও নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করছিল।
এসময় রাত্রিকালীন টহলরত কিলো-৭৩ এর এসআই মো. সোহান মোল্লা, সিয়েরা-৭৩ এর এসআই আলিমুল হুদা জনি এবং তাদের সঙ্গীয় ফোর্স ও হোন্ডা মোবাইল পার্টি ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিভিন্ন দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে ১৭ জন আসামিকে আটক করতে সক্ষম হয়। তবে এসময় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জন পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে যেসব আলামত জব্দ করা হয়েছে:
* ব্যানার: ১টি। ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “অন্তর ইসলাম বাপ্পি, আহবায়ক, রূপনগর থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর”।
* মাইক্রোবাস: আসামিদের ব্যবহৃত ভাড়াকৃত ১টি সাদা রঙের HI-ACE মাইক্রোবাস। রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-৮-১৯৬৬৩৬
* আটককৃত আসামি সুজনের (রূপনগর থানা ছাত্রলীগের সদস্য সচিব) ব্যবহৃত ১টি Symphony Z28 মডেলের স্মার্টফোন
* আটককৃত আসামি নাসিরের ব্যবহৃত ১টি Vivo Y93 মডেলের স্মার্টফোন
পল্লবী থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিধি মোতাবেক তাদের খুব শিগগিরই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


