জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার সুষ্ঠু বিচার হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার প্রমাণ মিলবে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ক্যাম্পে সদর থানায় অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপির জুলাই কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে জনসংযোগ শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। তার অভিযোগ, হামলায় চেইন, হকিস্টিক ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে সারজিস আলমসহ একাধিক নেতাকর্মী আহত হন এবং সংগঠনের বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটে।
তিনি আরও দাবি করেন, বুধবারের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গেলে শ্রীমঙ্গল ও হবিগঞ্জে পুলিশের বাধার মুখে পড়েন এনসিপির নেতারা। পরে ১৪৪ ধারা জারির কারণে বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়।
এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, মামলায় ভিডিও ফুটেজের ভিত্তিতে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রংগনকে প্রধান আসামি করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, হামলায় আহত নেতাকর্মীদের বিচার, ক্ষতিপূরণ এবং জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপির আন্দোলন চলবে। পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে।
এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



