পাবনার আটঘরিয়া উপজেলায় একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গীতা রানী (৪৫) একদন্ত ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা এবং চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি বাড়িতে একাই থাকতেন। তার স্বামী কর্মসূত্রে ঢাকায় অবস্থান করছেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় গীতা রানী বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকে মরদেহ ফেলে রেখে যায়।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে টয়লেটের ট্যাংকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।



