চিত্রনায়িকা পরীমনি তার ব্যক্তিগত জীবন, বিয়ে, আইনি লড়াই ও গ্রেফতারের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তাকে নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ও সামাজিক প্রতিক্রিয়া তাকে অনেক সময় ভাবিয়ে তোলে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর শুটিং ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীমনি এসব কথা বলেন।
নিজের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে পরীমনি বলেন, তাকে কোনো পুরুষের সঙ্গে দেখলেই অনেকে সমালোচনা করেন। এমনকি ভাইয়ের সঙ্গে ছবি দিলেও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, মানুষ তাকে একা ও সন্তানদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে।
গ্রেপ্তারের অভিজ্ঞতা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, দীর্ঘদিন নীরব থাকার কারণ ছিল সত্য একদিন প্রকাশ পাবে—এই বিশ্বাস। তিনি দাবি করেন, গ্রেপ্তারের সময় যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং বিষয়টি নিয়ে তিনি আইনের ওপর আস্থা রেখেছেন।
পরীমনি বলেন, কোনো সত্য চিরদিন চাপা থাকে না। দীর্ঘ সময় ধৈর্য ধরার পর এখন তিনি অনেকটা স্বস্তি অনুভব করছেন।
চলমান আইনি প্রক্রিয়া নিয়ে তিনি জানান, আদালতের ওপর তার বিশ্বাস রয়েছে। যত সময় লাগুক, তিনি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন এবং একদিন সত্য প্রতিষ্ঠিত হবে বলে আশা করেন।
দেশে নিরাপত্তা প্রসঙ্গে পরীমনি বলেন, শুধু শিল্পী নয়, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।



