কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। অন্যদিকে বিএনপির ছাত্রদলও সংঘর্ষে তাদের চার নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছে। ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতদের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া অভিযোগ করেন, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের প্রায় ২০০ নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্রশক্তির অন্তত ১০ নেতাকর্মী আহত হন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা বলেন, প্রথমে এনসিপির নেতাকর্মীরা ছাত্রদলের এক কর্মীর ওপর হামলা চালান। পরে এনসিপির মিছিল এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।



