সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরে নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চলছে।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার মইয়ার হাওরের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন— জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের হেমেন্দ্র দেবনাথ (৩০), একই গ্রামের সত্যেন্দ্রনাথ ওরফে সতীনাথ (৬৫) এবং অধীর দেবনাথ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব ভবানীপুর গ্রামের কয়েকজন ব্যক্তি পাশের ভরাউট গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে রাত ৩টার দিকে দুটি নৌকায় করে তারা বাড়ি ফিরছিলেন।
ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি নৌকা হঠাৎ ডুবে যায়। ওই নৌকায় মোট ৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে পাঁচজন সাঁতরে কাছাকাছি ভবানীপুর সড়কে উঠে প্রাণে বাঁচেন। বাকি চারজন পানিতে তলিয়ে যান। পরে অরুণ দেবনাথ (৪০) নামে একজনকে উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।



