চট্টগ্রামের পতেঙ্গাসংলগ্ন কর্ণফুলী নদী ও বহির্নোঙর এলাকায় পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৪৫০ বস্তা ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারচক্রের ২৩ সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পতেঙ্গা বহির্নোঙর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে পাচারচক্রের সঙ্গে জড়িত অভিযোগে ২৩ জনকে আটক করা হয়।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে গোপনে রাখা ৪৫০ বস্তা ডিএপি সার উদ্ধার ও জব্দ করা হয়।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কার্গো বোটে অবস্থানরত অন্য পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচারচক্রের সদস্য বলে জানা গেছে। জব্দকৃত ডিএপি সার, কার্গো বোট এবং আটক ২৩ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



