পরীক্ষামূলক সংস্করণ

র‌্যাবের ‘আয়নাঘরে’ স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘরে’ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে রাখা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (১ আগস্ট) সকালে র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যবিধি, রোম সংবিধির সংশ্লিষ্ট বিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারকদের ঘটনাস্থল পরিদর্শনের সুযোগ রয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ বিচারিক পরিদর্শনের অনুমতি দিয়েছেন।

তিনি জানান, ‘আয়নাঘর’ নিয়ে বিভিন্ন তথ্য ও সাক্ষ্য থাকলেও বিচারকদের সরেজমিনে ঘটনাস্থল দেখানোর উদ্দেশ্যেই এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে। পরিদর্শনের পর্যবেক্ষণ মেমোরেন্ডাম আকারে সংরক্ষণ করা হবে, যা মামলার বিচারিক নথির অংশ হবে।

চিফ প্রসিকিউটর জানান, র‍্যাব-১ এর টিএফআই সেলে ২২টি ছোট-বড় কক্ষ পাওয়া গেছে। তার দাবি, কয়েকটি কক্ষ এত ছোট ছিল যে সেখানে স্বাভাবিকভাবে থাকা কঠিন। তদন্তে পাওয়া সাক্ষ্য অনুযায়ী, এসব কক্ষে ব্যক্তিদের দীর্ঘ সময় আটকে রাখা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত প্রায় আড়াই শতাধিক গুম হওয়া ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিলিয়ে কয়েকটি কক্ষ শনাক্ত করা সম্ভব হয়েছে। ব্যারিস্টার আরমানকে রাখা হয়েছিল বলে উল্লেখ করা কক্ষও শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম দাবি করেন, প্রাথমিক তদন্তে সালাহউদ্দিন আহমদকে র‍্যাব-১ এর ওই স্থাপনায় আটক রাখা এবং পরে ভারতে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, টিএফআই সেল পরিদর্শনের পর ট্রাইব্যুনাল ঢাকা সেনানিবাসের ভেতরে ডিজিএফআই-সংশ্লিষ্ট কথিত আরেকটি আটককেন্দ্র জেআইসি পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। আগামী শনিবার সেখানে বিচারিক পরিদর্শন হওয়ার কথা রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, কাউকে গ্রেপ্তারের পর নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির করা ও গ্রেপ্তারের কারণ জানানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে ‘আয়নাঘরে’ আটক ব্যক্তিদের ক্ষেত্রে এসব আইনি বিধান অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, টিএফআই সেলে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট ১৭ জন আসামি রয়েছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‍্যাবের সাবেক মহাপরিচালকসহ কয়েকজনের নাম রয়েছে।

সম্পর্কিত বিষয়:

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...