নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় স্থানীয় বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে যুবদল নেতা আনোয়ার হোসেন (৩২), রিপন মিয়া (২৭), ফারুক (২৭), সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ওসমান (২৪) এবং সাধারণ সম্পাদক রিফাতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, সিরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াত আমির আবুল হাসেমের ছেলে মুজাহিদ ছাত্রদলের এক কর্মীকে সিরাজপুর পিএল একাডেমি মাঠে নিয়ে মারধর করেন।
পরে এক শিবির কর্মীকে মারধরের খবর ছড়িয়ে পড়লে রাতের দিকে জামায়াত ও শিবিরের কর্মীরা স্থানীয় বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



