বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার হোগলাবুনিয়া গ্রামের রাস্তার পাশের একটি মেহগনি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির রাস্তার পাশে একটি মেহগনি গাছের সঙ্গে জাহিদুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি জানাজানি হলে স্বজন ও স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হন।
খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



