রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জুতার ছাপের সঙ্গে সোহেল রানার জুতার মিল পাওয়ার পর তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
শনিবার (২ আগস্ট) সোহেল রানাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার একটি বাসা থেকে চিকিৎসক সারাহ রোকসানা পিনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে তাকে হত্যা করেছে।
তবে তদন্তে ঘটনাস্থলে পাওয়া জুতার ছাপের সঙ্গে বাসা থেকে উদ্ধার করা সোহেল রানার জুতার মিল পাওয়ায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পুলিশ মামলার অন্যান্য আলামত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



