পরীক্ষামূলক সংস্করণ

ওজনে কম দেয়ায় নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

মোড়কে উল্লেখিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত এবং বিভ্রান্তিকর তথ্য প্রদর্শনের অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

বিএসটিআই জানায়, অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়কে উল্লেখিত ওজন যাচাই করে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন ঘোষিত ওজনের চেয়ে কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির মতে, এ ধরনের কার্যক্রম ভোক্তাদের বিভ্রান্ত করার পাশাপাশি প্রচলিত আইন লঙ্ঘনের শামিল।

ভ্রাম্যমাণ আদালত নাবিস্কোকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।

অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা করে। এ সময় বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রধান খবর

আসছে...