বগুড়ার ধুনট উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আল মামুন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলার গোসাইবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তিনি ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের আনুন সরকারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে বিথী খাতুনের সঙ্গে আল মামুনের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি করতেন তিনি। কয়েক দফায় যৌতুক নেওয়ার পরও আরও ১০ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বিথী খাতুনের পরিবার ওই অর্থ দিতে অপারগ হলে প্রায় তিন মাস আগে তাকে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে ২৫ জুলাই তিনি স্বামীর বাড়িতে গেলে আবারও যৌতুক দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা তাকে মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁর সৎ মা ও বড় বোনও হামলার শিকার হন।
এ ঘটনায় বিথী খাতুন বাদী হয়ে স্বামী আল মামুনসহ পাঁচজনের বিরুদ্ধে ধুনট থানায় যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আল মামুনকে গ্রেপ্তার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



