মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় লালমনিরহাটে চার আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার ইব্রাহিম হোসেন, জাকির হোসেন এবং হাতীবান্ধা উপজেলার উত্তর জাউরানী এলাকার মোস্তাফিজার রহমান ও সাদ্দাম হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুন লালমনিরহাট-১৫ বিজিবির একটি দল অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ৯৮ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করে। পরে এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত চার আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



